হবিগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)এর বর্তমান প্রধান সাইদুর রহমানসহ তিন আসামির সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারি করা হয়েছে।
ক্রোকি পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন- সফিকুল ইসলাম সফিক ও সালাউদ্দিন।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব উল হক মঙ্গলবার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকবর হোসেন জানান, "২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার সময় হবিগঞ্জ শহরে বোমা হামলার ঘটনায় মঙ্গলবার আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও তারা হাজির ছিলেন না। এ কারণে তাদের সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হয়।"
পুলিশ এ মামলায় গ্রেপ্তারকৃত অপর পাঁচ আসামি সাইদুর রহমানের ছেলে শামীম, আজিজুল ইসলাম, হাফেজ ওজাইফা, সালাউদ্দিন সালেহীন ও বেলাল হোসেন ওরফে তামীমকে আদালতে হাজির করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/১৩৪০ ঘ.
bdnews24