২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস প্রশ্নপত্র বিতরণে জটিলতার কথা স্বীকার করলেন পিএসসি চেয়ারম্যান

২৯তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে জটিলতার কথা স্বীকার করেছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। মঙ্গলবার পিএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এ রকম ছোটখাট ভুল হতে পারেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে জটিলতার কথা স্বীকার করেছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান ড. সা'দত হুসাইন। মঙ্গলবার পিএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এ রকম ছোটখাট ভুল হতে পারেই।" "তবে পরীক্ষার্থীরা যাতে কোন রকম ক্ষতির শিকার না হন সে বিষয়ে কমিশনের পূর্ণাঙ্গ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের ক্ষতি হোক এমন কিছু পিএসসি করবে না", বলেন সা'দত। ২৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের কোডের নাম ছিল 'চাঁপা'। তবে কিছুসংখ্যক পরীক্ষার্থী অভিযোগ করেন, তাদের 'পারুল' কোডের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। পিএসসি চেয়ারম্যান জানান, তারাও এ ধরনের তিনটি ঘটনা জানতে পেরেছেন। তিনি বলেন, "আরও পরীক্ষার্থী এ রকম ঘটনার শিকার হয়েছে কিনা তা জানতে গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে। এরপর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" ছোটখাট সমস্যা বাদে প্রিলিমিনারি পরীক্ষা সুন্দর ও সুচারুভাবে হয়েছে দাবি করে সা'দত বলেন, "এ বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার ফলাফল আগামী দেড় মাসের মধ্যে প্রকাশের আশা করছি আমরা।" তিনি বলেন, "এ বিসিএসে ১৫৮১টি পদ থাকলেও সরকার মনে করলে তা বাড়াতে পারবে।" গত ১৪ আগস্ট ২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১ হাজার ৫৫১টি পদের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৮৭৬ জন। ড. সা'দত বলেন, "২৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশের চেষ্টা করছি আমরা"। ২৭তম বিসিএসের জটিলতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে আমরা আগের অবস্থানেই আছি। এ নিয়ে সরকারের কাছ থেকে নতুন কোন নির্দেশনা নেই।" ২৭-তম বিসিএসের প্রথমবারের মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে বাতিল করে নতুন মৌখিক পরীক্ষা নিয়ে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয় সরকার। তবে প্রথমবার উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বার বাদ পড়া পরীক্ষার্থীরা তাদের নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলন করে। এ নিয়ে উচ্চ আদালতে রিট করে তারা হেরে যায়। কিছুদিন আগে পিএসসি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে জানায়, বাদ পড়াদের বিষয়ে তাদের কিছু করার নেই। কারণ, আদালত পরীক্ষার্থীদের আপিল খারিজ করে দিয়েছে। বিসিএস পরীক্ষা ছাড়াই অ্যাডহক ভিত্তিতে ডাক্তার নিয়োগ দেওয়ার সরকারি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান বলেন, "নিয়ম অনুযায়ী পরে তা পিএসসির মাধ্যমে ঠিক করা যায়।" সংবাদ সম্মেলনে ২৯ তম বিসিএস পরীক্ষা কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা ও পিএসসির সদস্যরা উপস্থিত ছিলেন। আবিদুর রেজা বলেন, "২৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ চলছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। আর এ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ শুরু হবে।" গত ২৮ নভেম্বর ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশ হয় ১ ফেব্র"য়ারি। আর লিখিত পরীক্ষা শেষ হয় মে মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএইচ/এমআই/১৭১০ ঘ.