ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ও জাসদ ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মমিন হত্যা মামলা বিচারের জন্য ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
তবে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার এই দ্রুত বিচার আদালতে পাঠানোর জন্য গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়।
সোমবার ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহর কাছে সেটি উপস্থাপন করেন।
বিচারক রাষ্ট্রপক্ষের কৌঁসুলীর বক্তব্য শুনে মামলার নথি ঢাকার তিন নম্বর দ্রুত বিচার আদালতে বদলির আদেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতে এর আগে চার দফায় অভিযোগ গঠন পিছিয়ে যায়।
২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর উত্তর ইব্রাহীমপুরের বাসার সামনে মমিনকে গুলি করে সন্ত্রাসীরা। পরে হাসপাতালে তিনি মারা যান।
মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সঙ্গে মমিনের পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল।
মারা যাওয়ার আগে মমিন তার মৃত্যুর জন্য ওসি রফিকুলকে দায়ী করে।
মমিন মারা যাওয়ার পর তার বাবা আব্দুর রাজ্জাক বাদি হয়ে ২৬ জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন। তাতে প্রধান আসামি করা হয় ওসি রফিককে।
মামলাটিতে প্রথমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা আব্দুস সবুর ওসি রফিককে বাদ দিয়ে সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পরে এ অভিযোগপত্রের বিরুদ্ধে বাদির না রাজি আবেদন দেওয়ার পর মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশকে পুনরায় তদন্তের নির্দেশ দেয় আদালত।
গোয়েন্দা পুলিশ পরিদর্শক ফরমান আলীও ওসি রফিককে আসামি না করে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরে বাদির আবেদনের কারণে বিচার বিভাগীয় তদন্ত হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন হাকিম ওসি রফিকসহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
অভিযুক্তদের মধ্যে মনির হাওলাদার, শরীফউদ্দিন, ভারত থেকে ফেরত আনা শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান তাজ, একেএম রফিকুল ইসলাম (ওসি রফিক), বাবু ওরফে ঠোঁট উচা বাবু কারাগারে রয়েছে।
তাজ এ মামলায় জামিন পেলেও অন্য মামলায় কারাগারে রয়েছেন।
এই ৫ জনকে সোমবার আদালতে হাজির করা হয়।
ওসি রফিককে হাতকড়া ছাড়াই আদালতের বারান্দায় এবং অপর একটি এজলাসে পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
মামলার অপর আসামি হাসিবুল হক জনি, সাখাওয়াত হোসেন জুয়েল, তারেক ওরফে জিয়া, জাফর আহমেদ জামিন নিয়ে দেশের বাইরে পালিয়ে গেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মামলার বাদির ব্যক্তিগত আইনজীবী হাবিবুর রহমান শওকত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এমআই/১৬৩০ ঘ.
bdnews24