২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ২ লাশ উদ্ধার, পিটিয়ে হত্যা ১

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ সোমবার চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে। ফতুল্লার পাগলায় চোর সন্দেহে জয়নাল (৩৮) নামে এক নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 07:18 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ সোমবার চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে। ফতুল্লার পাগলায় চোর সন্দেহে জয়নাল (৩৮) নামে এক নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে উপজেলার মদনপুর খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর। পরনে ছিল জিন্সের প্যান্ট। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একইদিন বিকেল ৪টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ হাট থেকে অজ্ঞাত পরিচয় আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। লাশের পাশ থেকে একটি ব্লেড উদ্ধার করা হয়েছে। ওই ব্লেড দিয়ে তাকে জবাই করা করা হয়ে থাকতে পারে। ওসি হারুন-অর-রশিদ জানান, এ ব্যাপারে থানায় পৃথক দু'টি মামলা হয়েছে। এদিকে ফতুল্লার পাগলায় সালিসে ডেকে নিয়ে নৈশ প্রহরী জয়নালকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। জয়নালের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে। এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, পাগলার সুরুজ আলী মার্কেটের একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় ওই মার্কেটের নৈশ প্রহরী জয়নালকে সোমবার সকাল ১১টার দিকে পাগলা আন্ত: জেলা ট্রাক চালক ইউনিয়ন কার্যালয়ে ডেকে আনা হয়। সেখানে ব্যাপক মারধরে মারাত্মক আহত হয়ে পড়লে জয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এ ব্যাপরে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০১৩০ ঘ.