২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাকা চৌধুরীর কুশ পুত্তলিকা দাহ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে খুলনায় সোমবার দুপুরে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কুশ পুত্তলিকা দাহ করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

খুলনা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে খুলনায় সোমবার দুপুরে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কুশ পুত্তলিকা দাহ করেছে আওয়ামী লীগ। মহানগরীর পিকচার প্যালেস মোড়ে কুশ পুত্তলিকা দাহ করার পর বেলা ১২টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এক সমাবেশ করে। সমাবেশে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজানুর রহমান মিজান বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করে সাকা চৌধুরী ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি সাকা চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর হত্যা মামলার ফাঁসির রায় কার্যকর করতে হবে। পাশপাশি যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত শুরু করার দাবি জানান। জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এমডিএ বাবুল রানা, যুবলীগ মহানগর আহবায়ক আনিসুর রহমান, যুগ্ম আহবায়ক হাফেজ মো. শামীম, ছাত্রলীগ মহানগর সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক ফারুক হাসান, ওয়ার্ড কাউন্সিলর জেডএ মাহমুদ ডন প্রমুখ। গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সালাউদ্দিন কাদের চৌধরী ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল বলে মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.