চট্টগ্রাম, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে রোজায় চাঁদাবাজদের ধরতে বিশেষ অভিযানে নামছে র্যাব।
সোমবার নগরীর পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুর রহিম একথা জানান।
র্যাব অধিনায়ক বলেন, "ব্যবসা কেন্দ্রগুলোতে চাঁদাবাজির কারণে পণ্যের মূল্য বৃদ্ধি ঘটছে । ব্যবসায়ীরা ক্রেতার কাছে পণ্যের দাম বাড়িয়ে চাঁদার টাকা উঠিয়ে নেয়। তাই আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের যেন চাঁদাবাজির শিকার না হতে হয় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হবে।"
জাহিদুর রহিম জানান, এবার নগরীর খাতুনগঞ্জ, টেরীবাজার , রিয়াজউদ্দিন বাজারসহ বড় বড় ব্যবসা কেন্দ্রগুলোতে বাজার পরিস্থিতির ওপর নজর রাখা হবে। মাসব্যাপী এসব স্থানে র্যাবের অতিরিক্ত টহলও থাকবে।
পাশাপাশি জঙ্গি গ্রেপ্তার, সন্ত্রাস দমন ও মাদবদ্রব্য উদ্ধারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর আব্দুস সামাদ ও স্টাফ অফিসার মো. মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এএল/এসকে/২২৪২ঘ.
bdnews24