গোপালগঞ্জ, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জে বাস ধর্মঘট চলছে। ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার সকাল থেকেই ধর্মঘটী বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের লোকজন ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং বাস দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা দুটি নসিমন ভাঙচুর করে।
জেলার কোটালীপাড়া উপজেলার কান্দি-পীড়ারবাড়ী সড়ক থেকে হোসেন-কামাল গ্র"পের অবৈধ বাস প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জ বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ রোববার ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এখান থেকে সোমবারও ঢাকা-খুলনা-বরিশাল-কুড়িগ্রাম-বেনাপোলসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। জেলার আভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে। এসব রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা-খুলনা মহসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া, হরিদাসপুর, শহরের বেদগ্রাম মোড়, পুলিশ লাইন মোড়সহ শহরের বিভিন্ন স্থানে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
সোমবার বিকেলে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ আটক ট্রাকগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীদের কঠোর অবস্থানের কারণে প্রশাসন শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
গোপালগঞ্জ বাস মালিক গ্র"পের সভাপতি মো. ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কোটালীপাড়ার হোসেন-কামাল গ্র"প অবৈধভাবে ওই রুটে বাস চালু করে। বিভিন্ন সময় তাদের সঙ্গে সমঝোতার উদ্যোগও ব্যর্থ হয়। আমরা গাড়ি চালিয়ে লোকসান দিচ্ছি। এ কারণে বাধ্য হয়ে ধর্মঘট ডেকেছি।"
কোটালীপাড়া হোসেন-কামাল গ্র"পের বাস মালিক এস এম কামাল বলেন, ''আমরা বৈধভাবে সরকারি ও বিআরটিএ'র অনুমোদন নিয়ে গাড়ি নামিয়েছি। আমাদের ব্যবসা বন্ধ করতে গোপালগঞ্জ মালিক সমিতি অবৈধভাবে ধর্মঘট ডেকেছে। গোপালগঞ্জ মালিক সমিতির কারণে গোপালগঞ্জে বার বার বাস ধর্মঘট হচ্ছে।''
বিষয়টি নিষ্পত্তির জন্য বিকেলে কোটালীপাড়ায় জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়া দুই পক্ষকে নিয়ে বৈঠক করেছেন।
বৈঠকের পর আবু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। গোপালগঞ্জ বাস মালিক গ্র"পের নেতারা বলেছেন তারা নিজেদের মধ্যে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২২২০ ঘ.
bdnews24