২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিংড়ি ঘেরের মালিক খুন

বাগেরহাটের মংলা উপজেলায় আব্দুস সাত্তার (৬০) নামে এক চিংড়ি ঘের মালিক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

বাগেরহাট, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলা উপজেলায় আব্দুস সাত্তার (৬০) নামে এক চিংড়ি ঘের মালিক খুন হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালিরমেঠ খুনকারবেড় গ্রামের তার বাড়ির কাছের একটি খাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার সন্ধ্যায় পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোল্লার কাটা খালের চর থেকে সাত্তারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখমণ্ডল ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। তার দুই কান কাটা এবং পরনের লুঙ্গি গলায় পেঁচানো ছিল। সন্ত্রাসীরা তাকে হত্যার আগে বা পরে তার দুই চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছিল। তিনি জানান, নিহতের স্ত্রীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিখোঁজ আব্দুস সাত্তারের খোঁজ শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রামের কোন মানুষের সঙ্গে এই চিংড়ি ঘের মালিক আব্দুস সাত্তারের কোন বিরোধ নেই। তবে তার ছেলে বায়েজিদুল ইসলামকে আমেরিকা পাঠানোর বিষয়ে খুলনার একটি প্রতিষ্ঠানের (এজেন্সি) সঙ্গে তার লেন-দেন ছিল। নিহতের স্ত্রী আঞ্জুমান আরা বেগম সাংবাদিকদের জানান, রোববার রাত ১২ দিকে তার স্বামী আব্দুস সাত্তার রাতের খাবার খেয়ে বাড়ির কাছে নিজের চিংড়ি ঘেরের টং ঘরে ঘুমাতে যান। সোমবার সকালে বাড়ি ফিরতে দেরি দেখে তিনি স্বামীকে ডাকতে যান। কিন্তু সেখানে তাকে না পেয়ে খুঁজতে শুরু করেন এবং পরে পুলিশকে জানান। তিনি জানান, গত বছর তার ছেলে শেখ বায়েজিদুল ইসলাম বায়েজিদ আমেরিকার ডিভি লটারি পায়। খুলনার একটি প্রতিষ্ঠান (এজেন্সী) তাকে ১৫ লাখ টাকার বিনিময়ে আমেরিকায় যাওয়ার ব্যবস্থা করে দেয়। গত মার্চে তার ছেলে আমেরিকায় যাওয়ার আগে পাঁচ লাখ টাকা পরিশোধ করা হয়। বাকি ১০ লাখ টাকার জন্য ওই এজেন্সি কয়েকবার তার স্বামীকে তাগাদা দিয়েছে। তার ছেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তাদের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.