খাগড়াছড়ি, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন সহসা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
তিনি বলেন, "আইনগত কিছু জটিলতা থাকায় এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের উদ্যোগ চিঠি আকারে নির্বাচন কমিশন না পাওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন করা সম্ভব হবে না।"
কম্পিউটার সার্ভার স্টেশন স্থাপন বিষয়ে সোমবার দুপুর ২টার দিকে খাগড়াছড়ি সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, "সারাদেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩৭৫টি পৌরসভার নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।"
এ ছাড়া সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান।
শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে পৃথক ভোটার তালিকা প্রণয়ন বিষয়ে সিইসি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির শর্তের সঙ্গে আইনের কিছু সাংঘর্ষিক বিষয় থাকায় আলাদাভাবে ভোটার তালিকা প্রণয়ন সম্ভব হচ্ছে না।
অনুষ্ঠানে খাগড়াছড়ির সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাশেষে ৩টার দিকে তিনি চট্টগ্রামের উদ্দেশে চলে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৭ ঘ.
bdnews24