২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষখুলনায় বেড়িবাঁধে ঠাঁই নেওয়া হাজারো মানুষের দুর্গতি

ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ ও কয়রা উপজেলার হাজার হাজার মানুষ এখনও বেড়িবাঁধে আশ্রয় নিয়ে আছেন। পানি না নামায় এবং সরকারি সহায়তা না পাওয়ায় বিধ্বস্ত বাড়ি-ঘর মেরামত বা নতুন করে ঘর তুলতে পারেননি অনেকেই। জানাচ্ছেন সুবীর রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

খুলনা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত খুলনার দাকোপ ও কয়রা উপজেলার হাজার হাজার মানুষ এখনও বেড়িবাঁধে আশ্রয় নিয়ে আছেন। পানি না নামায় এবং সরকারি সহায়তা না পাওয়ায় বিধ্বস্ত বাড়ি-ঘর মেরামত বা নতুন করে ঘর তুলতে পারেননি অনেকেই। বর্ষায় চরম দুর্গতির মধ্যে ত্রাণের ওপর নির্ভর করে তারা মাথা গুঁজে আছেন ওয়াপদার তিনটি বেড়িবাঁধে। গত ২৫ মে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে। এতে খুলনার উপকূলীয় দুই উপজেলা দাকোপ ও কয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঝড় ও জলোচ্ছ্বাসে এ দুই উপজেলায় মারা যান ৫৭ জন। আহত হন আরও চারশ' মানুষ। এছাড়া উপজেলা দুটির হাজার হাজার কাঁচা ও আধাপাকা বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড় আইলায় কয়রা উপজেলায় ২৩ হাজার ৮২০টি বাড়ি-ঘর সম্পূর্ণ এবং আট হাজার ৫৩৮টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দাকোপ উপজেলায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ২৫ হাজার ৬৭টি বাড়ি-ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয় সাত হাজার ১৫৬ টি বাড়ি-ঘর। ঘর-বাড়ি হারা এ সব মানুষ আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধে। দাকোপ এলাকার ছুতারখালী-নলিয়া এলাকার ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন আশপাশের অন্তত ২০-২৫টি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষ। অপরদিকে কয়রা উপজেলায় মহেশ্বরীপুর, মহারাজপুর ও গিলাবাড়ি এলাকায় ওয়াপদার দুটি বেড়িবাঁধে ঠাঁই নিয়েছেন ৩০-৩৫ গ্রামের লোকজন। তাদের গরু-ছাগল, হাঁস-মুরগীসহ অনেক কিছুই বিক্রি করে দিয়ে ত্রাণ সহায়তা নিয়ে বেঁচে আছেন। অনেকেই জীবিকার জন্য এলাকা ছেড়ে চলে গেছেন খুলনাসহ বিভিন্ন স্থানে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের ওপর সারি সারি খুপরি ঘর। খড়, টুকরো টিন, হার্ডবোর্ড ও পলিথিনের তৈরি এসব খুপরিতে পরিবারের সবার বাস। নেই পানীয় জল এবং পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা। বৃষ্টি এলে খুপরিগুলো বাসের অযোগ্য হয়ে পড়ে। দাকোপ উপজেলায় বেড়িবাঁধে ঠাঁই নেওয়া তিলডাঙ্গা গ্রামের আজিবর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলোচ্ছ্বাসে আমাদের ঘরবাড়ি, ধান, গরু-ছাগল হাঁস-মুরগিসহ সংসারের সবকিছু ভাইসে গেছে। এখন কোনও রকমে পরিবার-পরিজন নিয়ে ওয়াবদার রাস্তার ওপর খোলা আকাশের নিচে রইছি।" বর্ষায় সেখানে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তিনি। একই গ্রামের দেবেন্দ্রনাথ মণ্ডল জানান, সরকারি-বেসরকারি ত্রাণ সাহায্যে পরিবার-পরিজন নিয়ে কোনও মতে বেঁচে আছেন। কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের অজিত বাওয়ালী, লোকেন্দ্র নাথ মিস্ত্রি ও আব্দুল ওহাব গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘর বানানোর জন্য তারা এখনও কোনও সরকারি অর্থ পাননি। এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম জানান, আইলায় ক্ষতিগ্রস্ত দাকোপ ও কয়রায় ঘরবাড়ি তৈরির জন্য কিছু পরিবারকে পাঁচ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। তিনি বলেন, "পরিস্থিতি বিবেচনা করে সরকারের কাছে আরও অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করছি, শিগগির এ অর্থ পাওয়া যাবে।" জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এখনও পানি পুরোপুরি নামেনি। তাই শুষ্ক মৌসুম আসার আগে ঘরবাড়ি নির্মাণ সম্ভব নয়। স্থানীয় সাংসদ ননী গোপাল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের সকল সহায়তা দেওয়ার চেষ্টা করছি। অনেক পরিবার এখনও ওয়াপদার রাস্তায় খুপরি তুলে বাস করছে।" ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় বলে মনে করেন তিনি। সাংসদ ননী গোপাল বলেন, "দাকোপ ও কয়রার মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার পাশাপাশি টেকসই বিকল্প বাঁধ নির্মাণ করতে হবে।" খুলনা কৃষি স