২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে দেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। সোমবার সকাল ১১টার দিকে বনানীতে কবির কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তার ভক্তরা। এ সময় জাতীয় কবিতা পরিষদ ও কবি শামসুর রাহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ ও কবি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 09:18 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে দেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। সোমবার সকাল ১১টার দিকে বনানীতে কবির কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তার ভক্তরা। এ সময় জাতীয় কবিতা পরিষদ ও কবি শামসুর রাহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ ও কবি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সেখানে ফাতেহা পাঠ করে কবির আত্মার মাগফেরাত কামনা করেন। দীর্ঘ জীবন কবিতার সঙ্গে ঘর-গেরস্থালি করে ২০০৬ সালের এ দিনে পৃথিবী ছেড়ে যান দ্রোহ আর প্রেমের এই কবি। স্বাধীনতা, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম ও মৌলবাদবিরোধী কবিতার জন্য বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা পাওয়া এই কবির জন্ম ১৯২৩ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে। তার পৈত্রিক বাড়ি নরসিংদীর রায়পুরায়। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ সোমবার বিকালে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের কার্যালয়ে স্মৃতিতর্পণ ও কবিতা পাঠ আসরের আয়োজন করেছে। সন্ধ্যায় কবির শ্যামলীর বাসায় কবিতা পরিষদের আয়োজনে হবে প্রার্থনা সভা। কবি পূত্রবধু টিয়া রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাদ আসর কবির শ্যামলীর বাসায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' প্রকাশিত হয় ১৯৬০ সালে। এরপর আর থামেন নি তিনি। তার মোট ৬০টি কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, বন্দিশিবির থেকে, নিজ বাসভূমে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, বুক তার বাংলাদেশের হৃদয়, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, অন্ধকার থেকে আলোয় প্রভৃতি। কবিতার বাইরে শামসুর রাহমানের উপন্যাস চারটি, প্রবন্ধগ্রন্থ একটি, ছড়া ও স্মৃতিচারণা মিলিয়ে শিশুতোষ বই নয়টি। এছাড়া রবার্ট ফ্রস্টের কবিতাসহ অনুবাদগ্রন্থ ছয়টি। ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন শামসুর রাহমান। পরে রেডিও পাকিস্তান, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় কাজ করেছেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/এইচএ/১৫৩০ ঘ.