সাতক্ষীরা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীমকে গ্রেপ্তারের দাবিতে জেলা ভূমিহীন সমিতি রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এরপর তারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।
রেলা ১২টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ লস্কর, বাসদের জেলা সভাপতি আজাদ হোসেন বেলাল, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল প্রমুখ।
সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, চেয়ারম্যান আব্দুল আলীম ও তার ছেলে শাহিনের সন্ত্রাসী বাহিনীর হাতে বিভিন্ন সময় ভূমিহীন লোকজন আহত ও নিহত হয়েছে।
তাদের সন্ত্রাসীরা লাবসা ইউনিয়নের নিতাইচরণ মুহুরীকে অপহরণ করে জালিয়াতির মাধ্যমে ২৬ বিঘা জমি দখল করে নিয়েছে। অনেক লোককে অপহরণ করে চাঁদা আদায় করেছে। শর্বশেষ গত ১৪ আগস্ট তাদের সন্ত্রাসী বাহিনী ভূমিহীন এলাকায় ঢুকে মহিলাদের উত্যক্ত করে। এ সময় এলাকার লোকজন তাদের বাধা দিলে তারা ভূমিহীনদের উপর হামলা করে বেশ কয়েকজনকে আহত করে।
আলীম চেয়ারম্যান ও তার ছেলের সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর নির্যাতনের হাত থেকে নিরীহ ভূমিহীনদের রক্ষা এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে স্বারকলিপিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.
bdnews24