নীলফামারী, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের মধ্যে দেশের সকল শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন।
রোববার নীলফামারীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "শিশুদের ঝড়ে পড়া বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সকল নাগরিককে শিক্ষার আওতায় এনে দেশকে নিরক্ষরমুক্ত করতে সরকার বদ্ধ পরিকর।"
আগামী জানুয়ারী থেকে দেশের সকল স্তরের প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন সিলেবাস চালু করা হবে বলেও জানান তিনি।
রাত ৯টায় জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক ও গণশিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোতাহার হোসেন আরও বলেন, আগামী ডিসেম্বর মাসে পঞ্চম শ্রেণী পাশ সমাপনী পরীক্ষা এসএসসির আদলে ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে ১৭দিনের মাথায় উত্তীর্ণদের সনদপত্র দেওয়া হবে। ওই সনদপত্র দিয়ে তারা ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে।
সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য আগামী জানুয়ারি থেকে দুপুরে শতভাগ টিফিন নিশ্চত ও গরীব ছাত্রদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
শতভাগ শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় ১০০ জন শিক্ষককে প্যানেলভুক্ত রাখা হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য থাকবে না।
নীলফামারী জেলা প্রশাসক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় পুলিশ সুপার গোলাম রসুল, জেলার ৬ উপজেলা পরিষদ চেয়ারম্যান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর পৌর মেয়র আকতার হোসেন বাদল, বিভিন্ন প্রাথমিক স্কুল পরিচালনা কমিটির সদস্য, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24