বাগেরহাট, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবিতে মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের এক হাজার ১১৬ জন চাকরিচ্যুত ক্যাজুয়্যাল শ্রমিক সোমবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবে।
মংলা বন্দরের কল স্টেশন চত্বরে তারা এ কর্মসূচি পালন করবে। গত মঙ্গলবার কল স্টেশন চত্বর থেকে তারা এ কর্মসূচি ঘোষণা করে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, পুনরায় কল স্টেশনের মাধ্যমে বুকিং প্রথা চালু, ২০০৭-০৮ অর্থবছরের পোশাক ভাতা, উৎসব বোনাস ও মৃত্যু ভাতা পরিশোধ, ২০০৫ সালের ত্রিপাক্ষীয় চুক্তি অনুযায়ী ৭৪১ জন কর্মচারীর গোল্ডেন হ্যাণ্ডশেক বাস্তবায়ন, পূর্বের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী শ্রম মজুরীসহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান এবং আগের মতো ওয়ারেশ প্রথা চালু করা।
মংলা বন্দর শিপিং কর্মচারী ইউনিয়নের সভাপতি সামছুল আলম জানান, ২০০৭ থেকে চলতি সময় পর্যন্ত তাদের ইউনিয়নভুক্ত অন্তত পঞ্চাশজন কর্মচারীর মৃত্যু হয়েছে। কিন্তু তাদের প্রাপ্য ভাতা পরিশোধ করা হয়নি। চাকরিচ্যুত ১১ শতাধিক কর্মচারী অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। স্টিভিডরস অ্যাসোসিয়েশনের কাছে তাদের অন্তত ৮৮ লাখ টাকা বকেয়া রয়েছে। তাই পাঁচ দফা দাবিতে সোমবার সকাল থেকে তারা কল স্টেশন চত্বরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করবেন।
মংলা বন্দরের হারবার মাস্টার কমাণ্ডার এনামূল হক জানান, স্টিভিডরদের চাকরিচ্যুত ক্যাজুয়াল কর্মচারীদের সঙ্গে মংলা বন্দরের সরাসরি কোনো সম্পর্ক নেই। তাদের কর্মসূচির ফলে বন্দরের কাজ বাধাগ্রস্ত হওয়ার কোন সুযোগ নেই।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, ক্যাজুয়্যাল কর্মচারীদের আন্দোলনের বিষয়টি তিনি শুনেছেন। তাদের দাবি নিয়ে প্রতিদিন তারা শহরে মিছিল সমাবেশ করছে। তাদের কর্মকাণ্ডের ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
২০০৮ সালের ১ আগস্ট এসব শ্রমিক চাকরিচ্যুত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24