ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সময় পাওয়া ৩৫টি গুদামসহ প্রায় ৫৯ একর জমি সরকারকে ফেরত দিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।
বিশ্বব্যাংকের পরামর্শে ২০০৬ সালের শেষ দিকে চট্টগ্রামের ওই জমি বেপজাকে বরাদ্দ দেওয়া হয়। তবে এর প্রক্রিয়া শুরু হয় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে।
বেপজা'র নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান রোববার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমানের কাছে জমি ও গুদামের নথিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সচিবালয়ে জমি হস্তান্তর অনুষ্ঠানে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা ও মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জহিরুল হক উপস্থিত ছিলেন।
হালিশহরের ওই জমির ওপর বর্তমানে ব্যবহারযোগ্য ৩৫টি খাদ্য গুদাম রয়েছে। এগুলোর মোট ধারণ ক্ষমতা ৩৫ হাজার ২০০ মেট্রিক টন।
ওই জমিতে মোট ৯৪টি গুদাম ছিল। এগুলোর মোট ধারণ ক্ষমতা ছিল ৮৪ হাজার ৮৫৩ মেট্রিক টন।
খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, বিগত জোট সরকারের শেষ দিকে ৯৪টি খাদ্য গুদামসহ ওই জমি খাদ্য মন্ত্রণালয় থেকে বেপজা'র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত হয়। আনুষ্ঠানিকভাবে বেপজা এটি পায় ২০০৬ সালের ২১ ডিসেম্বর।
খাদ্য মজুদ বৃদ্ধির প্রয়োজনে সরকারের পক্ষ থেকে গুদাম বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছিল জানিয়ে কিবরিয়া বলেন, এর অংশ হিসেবেই এটি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৯৪০ ঘ.
bdnews24