চট্টগ্রাম, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় চট্টগ্রামে দায়ের করা একটি মামলায় জেমমবি নেতা জাবেদ ইকবাল মোহাম্মদসহ দুই জনের ১০ বছর করে সাজা হয়েছে।
দণ্ডিত অপরজন হলেন- জেমমবি সদস্য আলাউদ্দিন ওরফে রুবেল।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আরশাদুল আলমকে খালাস দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক শফিকুল করিম এ রায় দেন।
রায়ের সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
অন্য মামলায় ফাঁসির রায় কার্যকর হওয়ায় অপর তিন আসামি শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই ও আতাউর রহমান সানিকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগ প্রমাণিত হওয়ায় বিস্ফোরক আইনে দুই জঙ্গিকে বিচারক ১০ বছর করে সাজা দিয়েছেন।"
সর্বশেষ বাকলিয়া থানার আরেক মামলায় এ বছরের ১১ জুন মোহাম্মদসহ অন্য জেএমবি সদস্যদের ১০ বছর করে সাজা হয়।
বিভিন্ন মামলায় এ পর্যন্ত মোহাম্মদের ২২৪ বছর সাজা হয়েছে।
২০০৫ সালের ১৭ আগস্ট জেমমবির বোমা হামলায় বন্দরনগরীর কাজীর দেউরী মোড়ে এপোলো শপিং সেন্টারের ফুটপাতে আবদুল হাই নামে এক পথচারী আহত হন।
এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন উপ-পরিদর্শক বেলায়েত হোসেন বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
২০০৭ সালের ১৪ জানুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল এবং একই বছরের ১৬ এপ্রিল অভিযোগ গঠন করা হয়। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার রায় দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএল/এমআই/১৯১৪ ঘ.
bdnews24