বান্দরবান, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই সপ্তাহের মধ্যে দুটি অপহরণের ঘটনার পর শনিবার রাতে তৃতীয় অপহরণের ঘটনা ঘটেছে পার্বত্য জেলা বান্দরবানে।
এবার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন থেকে একটি রবার বাগানের দুই কর্মচারীকে অপহরণ করা হয়েছে।
অপহৃতরা হলেন, হেফাজেতুর রহমান (২৮) এবং নাজের মিয়া (২৪)। তারা টিএইচপি গ্র"পের রাবার প্রকল্পের কর্মচারী।
বাইশারীর মধ্যমপাড়ায় প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাদেও তুলে নেওয়া হয়েছে বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ২টার দিকে হেফাজেতুর ও নাজেরকে তাদের কার্যালয় থেকে অপহরণ করা হয়।"
জেলা প্রশাসক মিজানুর রহমান জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।
দুই সপ্তাহ আগে বান্দরবানে এক বাঙালি ঠিকাদারকে অপহরণ করা হয়। এর কয়েকদিন পরই অপহৃত হন দুই নির্মাণ শ্রমিক।
তারা তিনজনই মুক্তিপণ দিয়ে ছাড়া পান বলে স্থানীয়রা জানায়। তবে অপহৃত কিংবা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্যাঞ্চল থেকে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহার এবং কয়েকটি সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়ার কাজ চলছে। এর মধ্যেই অপহরণের ঘটনাগুলো ঘটল।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, যিনি সন্তু লারমা নামেই পরিচিত, অপহরণের এ সব ঘটনার জন্য শান্তি চুক্তির বিরোধিতাকারীদের অভিযুক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২০২ ঘ.
bdnews24