২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসের ছুটি না দেওয়ায় ডিইপিজেডে গার্মেন্টস কারখানায় ভাংচুর

জাতীয় শোক দিবসের ছুটি না দেওয়ায় সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) দু'টি কারখানায় হামলা ও ভাঙচুর করেছে শ্রমিকরা। এতে কারখানার কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 03:21 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

সাভার, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবসের ছুটি না দেওয়ায় সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) দু'টি কারখানায় হামলা ও ভাঙচুর করেছে শ্রমিকরা। এতে কারখানার কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন- ডিইপিজেডের কুইন সাউথ টেক্সটাইলস লিমিটেড'র প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিল, হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুম রানা, সহকারী প্রডাকশন ম্যানেজার মনিরুজ্জামান ও মোশারফ হোসেন। বাকিদের নাম জানা যায়নি। আহতদের বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় শোক দিবসের ছুটি না দেওয়ায় শ্রমিকরা কারখানার ভিতরে ভাঙচূর চালায়। তিনি বলেন, সংর্ঘষের খবর পেয়ে কুইন সাউথ টেক্সটাইলস লিমিটেড কারখানায় গিয়ে দেখি মূল ফটক বন্ধ। পরে গেইট খোলার পর ভিতরে ঢুকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) ব্যবস্থাপক আশরাফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিপমেন্টের চাপ থাকায় সরকারি ছুটির দিন (জাতীয় শোক দিবস) রেড পয়েন্ট জ্যাকের্টস লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইলস লিমিটেড নামের দু'টি কারখানা খোলা রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২০৬ ঘ.