সাভার, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের শ্রীপুর এলাকায় শনিবার ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত আবুল কালাম আজাদ (৪৫) ফরিদপুর জেলার সদর উপজেলার চরমোনার এলাকার ফজলুল হক সর্দারের ছেলে। তিনি সাভারের বাইপাইল এলাকার একতা মৎস্য আড়তের মালিক।
সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল কালাম আজাদের দুই স্ত্রী। প্রথম স্ত্রী সেলিনা আক্তার আশুলিয়ার বসুন্ধরা এলাকায় থাকেন। আর দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার থাকেন সাভারের শ্রীপুর এলাকায় হাসান কলোনীতে। ভোরে দ্বিতীয় স্ত্রী'র ঘরে তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে।
শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে তিনি জানান।
জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই স্ত্রীকে আটক করা হয়েছে বলে তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে কোনো স্ত্রী ভাড়াটিয়া খুনি দ্বারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার বলেন, "ভোর ৫টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি দরজায় ধাক্কা দিয়ে তাকে (আজাদ) ডেকে বলে, তোমার মাছ এসেছে, আস। পরে সে দরজা খোলা মাত্রই ৩/৪ জন লোক ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৫০ ঘ.
bdnews24