২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সন্ত্রাসীর গুলিতে কলেজ শিক্ষক নিহত

ভেড়ামারা উপজেলায় শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেরুল আলমসহ চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

কুষ্টিয়া, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেড়ামারা উপজেলায় শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেরুল আলমসহ চারজন আহত হয়েছেন। নিহত বান্দা ফাত্তাহ মোহন (৫৮) ভেড়ামারা বি. জে. এম. কলেজের রসায়নের শিক্ষক। পুলিশের ধারণা, আওয়ামী লীগ নেতা মেহেরুল আলমকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভেড়ামারা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, রাত ৯ টার দিকে মেহেরুল আলম রেলবাজারের একটি তৈরি পোশাকের দোকানে বসে ছিলেন। এ সময় ৬ জন অজ্ঞাত সন্ত্রাসী দু'টি মোটরসাইকেলে এসে দোকানে ঢুকে মেহেরুল ও দোকানের অন্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ফাঁকা গুলিও করে। ঘটনার পরপরই ভেড়ামারা শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। আহত মেহেরুল আলমকে (৫৬) কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং ঠিকাদার এনামুল হক (৫০), আনোয়ারুল হক (৪৮) ও ভেড়ামারা কৃষি ব্যাংকের কর্মকর্তা হাফিজুর রহমামকে (৪৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাবুদ্দীন খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভেড়ামারার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের ধরার জন্য অভিযান চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩০৮ঘ.