২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আরো একটি আন্দোলন গড়ে তুলতে হবে: সিপিবি

সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়নে আরো একটি আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য আরেকটি পরিবর্তন বা আন্দোলনের প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নগুলো বাস্তবায়নে আরো একটি আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য আরেকটি পরিবর্তন বা আন্দোলনের প্রয়োজন। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন। আলোচনায় আরো অংশ নেন সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ চৌধুরী, পলিট ব্যুরোর সদস্য মোরশেদ আলী, কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, মাহবুব আলম ও জেয়াদ আল মালুম। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের 'যথাযথ' বিচারের দাবি জানিয়ে সিপিবি সভাপতি বলেন, যে প্রক্রিয়ায় তাদের বিচার করা হয়েছে তাতে প্রকৃত অপরাধীদের সাজা কার্যকর করা সম্ভব হবে না। বিচারে দেশীয় অপরাধীদের পাশাপাশি আন্তর্জাতিক যেসব শক্তি এর সঙ্গে জড়িত তাদের নামও প্রকাশ করার দাবি জানান তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার পরিণতির সামঞ্জস্য তুলে ধরে সিপিবি প্রধান বলেন, "বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সিরাজউদ্দৌলা নাটকেরই পুনরাবৃত্তি। সব কিছু জেনেও বঙ্গবন্ধুকে খন্দকার মোশতাকের মতো লোকের সঙ্গে চলতে হয়েছে। অথচ তাজউদ্দিন আহমেদের মতো ত্যাগী ব্যক্তিরা বঙ্গবন্ধুর কাছাকাছি থাকতে পারেননি।" বঙ্গবন্ধু শেখ মুজিবকে 'বাংলাদেশের প্রতীক' হিসেবে উল্লেখ করে তার স্বপ্ন বাস্তবায়নে সিপিবি'র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী হওয়ার আহ্বান জানান মঞ্জুরুল আহসান খান। মুক্তিযুদ্ধে বিজয়ের পর শাসক দলের নেতাকর্মীরা কাজ না করে সুবিধা নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন- এ মন্তব্য করে শহীদুল্লাহ চৌধুরী বলেন, "মধ্যম শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। যার পরিণতি চূড়ান্তভাবে দিতে হয়েছিল।" শহীদুল্লাহ চৌধুরী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো ষড়যন্ত্র নতুন করে শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, "আওয়ামী লীগের অভ্যন্তরে যেভাবে ক্ষোভ ও অভ্যন্তরীণ কোন্দল দানা বাঁধতে শুরু করেছে, তাতে একই ধরণের আরেকটি বিপর্যয় হওয়া অসম্ভব নয় বলে আমি মনে করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২৩৮ঘ.