২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানিকে হত্যার দায়ে ২ বাংলাদেশী তরুণের কারাদণ্ড

এক পাকিস্তানিকে হত্যার দায়ে দুই বাংলাদেশী তরুণকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। শুক্রবার তাদের দণ্ডাদেশ হয়। এরা হলেন-মোহাম্মদ শাবুজ্জামান ও বাহার উদ্দিন। লন্ডন থেকে জানাচ্ছেন সৈয়দ নাহাস পাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পাকিস্তানিকে হত্যার দায়ে দুই বাংলাদেশী তরুণকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। শুক্রবার লন্ডনের ওল্ড বেইলি হাইকোর্ট এ রায় দিয়েছে। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ শাবুজ্জামান (১৯) ও বাহার উদ্দিন (১৯) লন্ডনের ইস্ট এন্ডের বাসিন্দা। সৈয়দ ওমর ইসলাম (২৮) নামের এক পাকিস্তানিকে হত্যার দায়ে গত ১৭ জুলাই আদালত তাদের দোষী সাব্যস্ত করে। গত ১৫ জানুয়ারি ইস্ট লন্ডনের বেথনাল গ্রিন রোডের মেইডা রেস্তোরাঁয় এক সংঘাতে মারা যান ওমর। তিনি ওই রেস্তোরাঁয় খণ্ডকালীন পরিচারকের কাজ করতেন। হত্যা সংঘটনের জন্য শাবুজ্জামান ও বাহারকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় অন্যান্য লোককে আহত করার দায়ে আরও দুটি ধারায়ও তাদের ছয় বছর করে কারাদণ্ড হয়েছে। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাদেরকে ১২ বছরই দণ্ড ভোগ করতে হবে। ১৫ জানুয়ারি রাতে মেইডার ওই সংঘাতে প্রায় ২০ জন জড়িত ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তাদের ডাকা হয়েছিল। সংঘর্ষের সময় ওমরের মাথায় আঘাত লাগে এবং সে আঘাতেই তার মৃত্যু হয়। ওমর যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তির ওপর পড়ালেখা করতেন। থাকতেন বেথনাল গ্রিন রোডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/আরএএইচ/এজে/এমআই/১৬৫০ ঘ.