২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

জাতীয় শোক দিবসে শনিবার গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে দেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এবারের শোক দিবসে স্মরণের পাশাপাশি বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবিটি জোরালোভাবে উঠে এসেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 03:26 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবসে শনিবার গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে দেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল 'বিপথগামী' সেনা কর্মকর্তার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এবারের শোক দিবসে স্মরণের পাশাপাশি দীর্ঘসূত্রতায় আটকে থাকা বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবিটি জোরালোভাবে উঠে এসেছে। সরকারিভাবে পালনের পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। এটি ছিল সরকারি ছুটির দিন। বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সমাধিতেও ফুল দেওয়া হয়েছে। সকাল পৌনে ৭টার সময় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগ প্রধান হাসিনা দলীয় নেতা-কর্মীদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এরপর একে একে ফুল দেন তিন বাহিনী প্রধান, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সকাল ৮টার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে শুরু করে। মুষলধারে বৃষ্টির মধ্যেও নেতা-কর্মী ও সাধারণ মানুষকে লাইন ধরে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়। তাদের কণ্ঠে স্লোগান ছিল, 'বঙ্গবন্ধুর ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করতে হবে'। জাদুঘরের সামনে ছাত্রলীগ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের প্রতীকী ফাঁসি দেয়। জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর বাণীতেও বঙ্গবন্ধু হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকরের ওপর জোর দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু জাদুঘরের পর প্রধানমন্ত্রী হাসিনা বনানী কবরস্থানে মা-ভাইসহ ১৫ আগস্ট নিহত স্বজনদের কবরে ফুল দেন। আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল। তারা একদিন আগে থেকেই টুঙ্গীপাড়া অবস্থান করছিলেন। গত বছর তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু সাদামাটা কর্মসূচির মধ্যে রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্ট পালন করা হলেও এবার আওয়ামী লীগ সরকারে থাকায় দিনটি বড় আকারে পালিত হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে একদল সেনা কর্মকর্তা ও সদস্য ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে হামলা চালিয়ে তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ও তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের প্রায় সব সদস্যকে হত্যা করে। তাদের পেছনে স্থানীয় কয়েকজন স্বার্থান্বেষী রাজনীতিক ও বিশেষ বিদেশী শক্তির সমর্থন ছিল বলেও মনে করা হয়। সেই রাতে আরও নিহত হন বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের, বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও পৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, রিন্টু , পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান ও ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল। তখন থেকেই আওয়ামী লীগ দলীয়ভাবে দিনটি পালন করে আসছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৫ আগস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করে। কিন্তু চার দলীয় জোট ক্ষমতায় এসে ২০০২ সালে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল করে। এছাড়া বিধি সংশোধন করে সরকার নির্ধারিত দিন ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর আবার আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই দিনটি পালিত হয়ে আসছিল। গতবছর হাইকোর্ট এক রায়ে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের নির্দেশ দেয়। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারও সে অনুযায়ী দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় এবং ১৫ আগস্ট ছুটির দিন ঘোষণা করে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রনিয়ন্ত্রিত বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। এছাড়া সংবাদপত্রে বের হয় বিশেষ ক্রোড়পত্র। দলীয়ভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আগস্ট মাসের শুরু থেকেই সারা দেশে নানা কর্মসূচি পালন করে । শনিবার সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দেশের সব মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এবং জেলা, উপজেলা, ইউনিয়নে দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ১৯৭১ সালের উত্তাল মার্চে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বঙ্গবন্ধুর বক্তৃতা 'এবারের সংগ্রাম-আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম' জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং ঐক্যবদ্ধ হতে প্রেরণা জোগায়। তার নেতৃত্বেই দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এসকে/২৩৩১ঘ.