টাঙ্গাইল, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এলেঙ্গা নদী থেকে বৃহস্পতিবার রাতে পাট বোঝাই দু'টি ইঞ্জিন নৌকাসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দুপুরে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিার রাতে যমুনা নদী থেকে পাটসহ নৌকা দু'টি ডাকাতি হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হাবিল উদ্দিন (২৭) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জেলাল উদ্দিন (২৫)।
কালিহাতী থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, বৃহম্পতিবার রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় নৌকা থেকে পাট নামানোর সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় পালানোর চেষ্টা করলে এলাকাবাসী দু'জনকে আটক করে পুলিশে সোপার্দ করে।
এ সময় পুলিশ দু'টি ইঞ্জিন নৌকা ও ১৩ শ' মন পাট উদ্ধার করে।
তিনি জানান, আটকদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দুপুরে আনালিয়া বাড়ি বাজারের একটি দোকান থেকে পলিথিনে মোড়া একটি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, পাবনার বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের মিজানুর রহমান বৃহম্পতিবার কুড়িগ্রামের চিলমারী থেকে পাট নিয়ে নারায়ণগঞ্জের লতিফ বাওয়ানী জুটমিলে যাওয়ার সময় যমুনা নদী থেকে পাটসহ নৌকা দু'টি ডাকাতি হয়।
এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24