রাঙামাটি, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটির লংদু উপজেলায় বাঙালিদের বাধায় তিনটি ক্যাম্প প্রত্যাহার প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। শুক্রবার আর্মড পুলিশ ব্যাটালিয়নের এ তিনটি অস্থায়ী ক্যাম্প গুটিয়ে নেওয়ার কথা ছিল। সেনা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বাঙালিদের দুটি সংগঠন ইতোমধ্যে লংদু উপজেলায় রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে।
তবে বরকল উপজেলার বাঙাল টিলা থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে রাঙামাটিতে সাতটি সেনা ক্যাম্প, একটি বিডিআর, একটি আনসার ও একটি পুলিশ ক্যাম্প প্রত্যাহার করা হল।
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুদ-উল-হক বরকলের বাঙাল টিলা পুলিশ ক্যাম্প প্রত্যাহারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "লংগদু থেকে যে সমস্ত অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারে সরকারি সিদ্ধান্ত রয়েছে সেগুলো যথাসময়ে প্রত্যাহার করা হবে।"
সেখানকার সার্বিক পরিস্থিতির ব্যাপারে তারা অবগত আছেন বলে তিনি জানান।
পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের অংশ হিসেবে সরকার তিন পার্বত্য জেলা থেকে সেনাবাহিনীর একটি ব্রিগেড এবং ৩৫টি অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা দেয় গত ২৯ জুলাই।
কয়েকজন স্থানীয় সাংবাদিক লংদু ঘুরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা থেকে শুক্রবার তিনটি অস্থায়ী আর্মড পুলিশ ক্যাম্প প্রত্যাহার করার কথা থাকলেও বাঙালিদের বাধার কারণে প্রত্যাহার প্রক্রিয়া বন্ধ আছে।
তারা জানান, লংগদু উপজেলার রেংকাজ্যা ছড়া, নাজিমটিলা ও তালুকদার পাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প প্রত্যাহার হচ্ছে জানতে পেরে ওই এলাকার বাঙালিরা বৃহস্পতিবার রাত থেকে ক্যাম্পগুলো ঘিরে রেখেছে।
পার্বত্যাঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে লংগদু উপজেলায় রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে বসতি স্থাপনকারী বাঙালিদের সংগঠন 'পার্বত্য সমঅধিকার আন্দোলন' ও 'বাঙালী ছাত্র পরিষদ'।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লংগদু উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সংগঠন দুটির যৌথ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বরকল উপজেলা প্রশাসন জানায়, শুক্রবার বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের বাঙাল টিলা পুলিশ ক্যাম্প প্রত্যাহার করা হয়। ওই ক্যাম্পের কর্মকর্তা বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তরিকুল আলমের কাছে ক্যাম্পের দলিল হস্তান্তর করেন। এ সময় বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার দে এবং সংশ্লিষ্ট মৌজার হেডম্যান উপস্থিত ছিলেন।
স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ক্যাম্পে ৪০-৫০ জন পুলিশ সদস্য ছিলেন।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তরিকুল আলম বাঙাল টিলা ক্যাম্পের জায়গার দলিল হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বায়ত্তশাসনসহ বিভিন্ন দাবিতে পাহাড়ি জনগোষ্ঠীর সংগঠন জনসংহতি সমিতি প্রায় দুই দশক ধরে লড়াই সংগ্রাম করে আসছিল। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24