কক্সবাজার, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সমুদ্র সৈকতে শুক্রবার দুপুরে 'বিচ ক্লিনিং' কর্মসূচি পালন করেছে কেউক্যারাডং বাংলাদেশ।
শুক্রবার দুপুর ১২টার পর প্রায় তিন ঘণ্টার কর্মসূচিতে অংশ নেন অন্তত ৩২০ জন স্বেচ্ছাসেবী। এদের মধ্যে কক্সবাজারের স্থানীয় স্বেচ্ছাসেবী ছিলেন দেড় শতাধিক।
স্বেচ্ছাসেবীরা সৈকতের কলাতলী পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকার সৈকতে পড়ে থাকা প্রায় সব আবর্জনাই পরিস্কার করেন।
কেউক্যারাডং বাংলাদেশ এর কান্ট্রি কোঅর্ডিনেটর মুনতাসীর মামুন ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন ঢাকা থেকে আসা কেউক্যারাডং বাংলাদেশের ১৭০ কর্মীসহ অন্তত ৩২০ জন স্বেচ্ছাসেবী।
কক্সবাজারের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নেন বলে জানান তিনি।
ইমরান বলেন, "এটি মূলত একটি প্রচারণা অনুষ্ঠান। কেউ যাতে সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্যই এ কর্মসুচির আয়োজন করা হয়েছে।"
তিনি জানান, 'কেউক্যারাডং বাংলাদেশ' যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ এর বাংলাদেশ চ্যাপ্টার। ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ সংগঠনটি বিশ্বের ১২০টি দেশে কাজ করছে। ২০০৫ সাল থেকে তারা বাংলাদেশে কাজ শুরু করেন।
বিকেলে একটি 'ফান' ফুটবল ম্যাচ আর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে 'বিচ ক্লিনিং' কর্মসূচি' শেষ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24