২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৫ পাউন্ডের কেক কেটে খালেদাকে জন্মদিনের শুভেচ্ছা

বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ৬৫ তম জন্মদিনের প্রাক্কালে শুক্রবার বিকেলে নয়া পল্টনে ৬৫ পাউন্ডের কেক কেটেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ৬৫ তম জন্মদিনের প্রাক্কালে শুক্রবার বিকেলে নয়া পল্টনে ৬৫ পাউন্ডের কেক কেটেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দল। সংগঠনটি তাদের নেত্রীর জন্মদিন উপলক্ষে দুই দিনের কর্মসূচিও ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, শুক্রবার জন্মদিনের কেক কাটা ও শনিবার দোয়া মাহফিল। বিকাল ৪টায় নয়া পল্টনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট শনিবার খালেদা জিয়ার ৬৫তম জন্মদিন। তবে দিনটি পালনে দলীয় কোনো কর্মসূচি নেই। শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনে কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে যাবেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জন্মদিনের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই। ম্যাডাম শনিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে অফিস করবেন। সে সময় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রস্তুতি রয়েছে।'' ১৯৪৫ সালে খালেদা জিয়া দিনাজপুরে জন্মগ্রহণ করেন। শুক্রবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৬৫ পাউন্ডের কেক কেটে খালেদা জিয়ার দীর্ঘ জীবন কামনা করেন যুব দলের নেতা-কর্মীরা। কেক কাটার সময় তারা 'শুভ জন্মদিন, খালেদা জিয়ার জন্মদিন' শ্লোগান দেয়। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, যুব দলের সভাপতি সাংসদ বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। ২০০৭ সালে কারাগারে যাওয়ার পর মুক্ত অবস্থায় এই প্রথম খালেদা জিয়ার জন্মদিন পালিত হচ্ছে। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ তাকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩০ ঘ.