২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বৃহস্পতিবার অস্ত্র তৈরির একটি আস্তানা খুঁজে পেয়েছে র‌্যাব। উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া এলাকার এ আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং আটটি আগ্নেয়াস্ত্র। জব্দ করা সরঞ্জাম দিয়ে অর্ধশতাধিক আগ্নেয়াস্ত্র তৈরি করা সম্ভব বলে র‌্যাব কর্মকর্তারা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

কক্সবাজার, আগষ্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের মহেশখালী উপজেলায় বৃহস্পতিবার অস্ত্র তৈরির একটি আস্তানা খুঁজে পেয়েছে র‌্যাব। উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া এলাকার এ আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং আটটি আগ্নেয়াস্ত্র। জব্দ করা সরঞ্জাম দিয়ে অর্ধশতাধিক আগ্নেয়াস্ত্র তৈরি করা সম্ভব বলে র‌্যাব কর্মকর্তারা দাবি করেছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- গুরা মিয়া, রহমত আলী ও ফরিদ আলম। অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় মহেশখালী ইউনিয়নের প্রায় জনশূন্য শুকরিয়া এলাকার সাড়শিয়া পাহাড়ের চূড়ায় একটি পলিথিনের তৈরি ঘরের নিচে দুস্কৃতকারীরা অস্ত্র তৈরির আস্তানাটি গড়ে তোলে। এ খবর পেয়ে র‌্যাবের কক্সবাজার ও টেকনাফ অঞ্চলের র‌্যাবের দুটি দল বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই পাহাড়ে অভিযান শুরু করে। সাইদুল ইসলাম জানান, কারখানা থেকে ৬টি এলজি ও ২টি লম্বা বন্দুক এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এলজিগুলোর মধ্যে তিনটির কাজ মাঝমাঝি পর্যায়ে এবং তিনটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া বন্দুক দুটির কাজও প্রায় শেষ পর্যায়ে ছিল। একদিন সময় পেলেই অস্ত্রগুলো তৈরির কাজ শেষ হতো। তিনি বলেন, আগ্নেয়াস্ত্র বানানোর জন্য যত প্রকার সরঞ্জাম দরকার সবই ওই কারখানায় ছিল। জব্দ করা সরঞ্জাম দিয়ে অর্ধশতাধিক আগ্নেয়াস্ত্র তৈরি সম্ভব। র‌্যাব কর্মকর্তারা জানান, কারখানা থেকে আটক অস্ত্র তৈরির কারিগররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন কক্সবাজার-মহেশখালী সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি এবং অপহরণকারী দস্যুদলগুলো এসব অস্ত্রের ক্রেতা। এছাড়া মহেশখালীর লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলে সন্ত্রাসীরা এ সব অস্ত্র কিনে থাকে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মহেশখালী থানায় একটি মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩০৬ ঘ.