২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ থেকে পড়ে একজন মৃত্যু, টিনের চাল ধসে আহত ৩০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলা দেখতে গিয়ে ভিড়ের ধাক্কাধাক্কিতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলা দেখতে গিয়ে ভিড়ের ধাক্কাধাক্কিতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনার কিছুক্ষণ পর উপজেলা ক্রীড়া সংস্থার অফিসের টিনের চাল ধসে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ছাদ থেকে পড়ে নিহত বাসুদেব ঘোষ (৩০) নরসিংদীর শিবপুর উপজেলার নারায়ণ ঘোষের ছেলে। তিনি আড়াইজার উপজেলা সদরে এক আত্মীয়ের মিষ্টির দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের শহীদ মঞ্জুর স্টেডিয়ামে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে। খেলা শুরুর আগে বিকেল পৌনে ৫টায় স্টেডিয়ামের পার্শ্ববর্তী আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদ থেকে ভিড়ের ধাক্কাধাক্কিতে নিচে পড়ে বাসুদেব মারা যান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খেলা শুরু হওয়ার অনেক আগে দুপুরের পর পরই পুরো স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়। মাঠে জায়গা না পেয়ে দর্শকরা আশপাশের গাছ, ভবনের ছাদ, টিনের চালে অবস্থান নেয়। দর্শকদের প্রচণ্ড ভিড় ও ধাক্কাধাক্কিতে এ দুর্ঘটনা ঘটেছে।" তিনি জানান, এ ঘটনার কিছুক্ষণ পর মানুষের চাপে উপজেলা ক্রীড়া সংস্থার অফিসের টিনের চাল ধসে পড়ে। চাল ধসে প্রায় ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ইকবাল (২৪) ও মাহফুজকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এবিলিটি সমবায় সমিতি আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইলে অংশ নেয় শ্রী নিবাসদি ফ্রেন্ডস ক্লাব ও দুবাই প্লাজা। খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য ভাবে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে শ্রী নিবাসদি ফ্রেন্ডস ক্লাব ৪-২ গোলে জিতে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। দু'দলেই জাতীয় পর্যায়ের ফুটবলাররা অংশ নেয়। ফাইনালে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.