২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়ে সরকার তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় তার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়ে সরকার তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় তার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করছে।" ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০ জনকে আসামি করে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মেজর রশিদসহ বাকি ছয় আসামি পলাতক। অপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আজিজ পাশা ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা গেছেন। ওই বিবৃতিতে আরও বলা হয়, খুনিদের অবস্থান সম্পর্কে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বিত ভাবে কাজ করছে। এছাড়া পলাতকদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার আবদুর রশিদ ও রিসালদার মোসলেম উদ্দিন লিবিয়ায় এবং অবসরপ্রাপ্ত মেজর রাশেদ চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর নূর চৌধুরী যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, অবসরপ্রাপ্ত মেজর শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ যথাক্রমে পাকিস্তান ও ভারতে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এলএইচ/এএল/এইচএ/১৯১৮ ঘ.