২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্টকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই মাঠে নেমেছে ৩ হাজার পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 11:42 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টেেেয়ন্টিফোর ডটকম) - ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই মাঠে নেমেছে ৩ হাজার পুলিশ। ১৫ আগস্ট উপলক্ষে বৃহস্পতিবার রাজারবাগে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, "বৃহস্পতিবার থেকেই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। তারা আবাসিক হোটেল, বস্তি, বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন, লঞ্চ টার্মিনালসহ সব জায়গায় তল্লাশি শুরু করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও নজরদারির মধ্যে রাখা হয়েছে।" কমিশনার জানান, রাস্তায়, গলিতে টহল পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন তল্লাশিরও ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য সব ধরনের জঙ্গি বা সন্ত্রাসী তৎপরতার বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানান শহিদুল হক। তিনি বলেন, "পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে অসংখ্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। তাছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।" এর আগে পুলিশ কমিশনারসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা টেলিকম অডিটোরিয়ামে নির্ধারিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। এদিকে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে, "নিরাপত্তার স্বার্থে ধানমন্ডি ৩২ নম্বর (পুরাতন) ১১ (নতুন) নম্বর সড়কে ১৫ আগস্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে আসবেন তারা যেনো অনুষ্ঠানস্থলে বা আশেপাশে ব্যাগ বা সন্দেহজনক কোনো বস্তু বহন না করেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/এইচএ/১৭৪৫ ঘ.