ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা নিচ্ছে সরকার।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার এক সেমিনারে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে অনেক ব্যবস্থাই নেওয়া হয়। তবে দুর্যোগের পর তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ইউপি চেয়ারম্যানরাই মানুষের কাছে যেতে পারে। তাই দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের প্রশিক্ষণের সুযোগ থাকা উচিৎ। এ জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্জাক।
যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি'র সহযোগিতায় বেসরকারি সংস্থা রূপান্তর ও ইমপ্র"ভিং লোকাল লেভেল গভর্নেন্স প্রোগ্রাম (আইএলএলজিপি) যৌথভাবে 'দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনে স্থানীয় সরকারের ভূমিকা' শীর্ষক এ সেমিনার আয়োজন করেছে।
উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।
রাজ্জাক বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বাংলাদেশ এখন দুর্যোগের ঝুঁকিপূর্ণ দেশ। ঝড় বা ঘূর্ণিঝড় বাংলাদেশের মানুষের নিত্যদিনের সঙ্গী। প্রতি বছর এখানে খরা বা বন্যার মতো দুর্যোগও লেগেই থাকে। তাই আমাদের সব ধরনের ক্ষতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।"
তিনি বলেন, "সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনতে কাজ করছে। যুক্তরাষ্ট্র এজন্য বাংলাদেশকে সহায়তা করছে। এ কাজ শেষ করতে সময় লাগবে। কারণ আমাদের তেমন অভিজ্ঞতা নেই। আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।"
দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত 'স্টান্ডিং অর্ডার ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট'কে আইনে পরিণত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, "দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নথি। এটিকে সরকার আইনে পরিণত করার কথা ভাবছে। তাই এর খসড়াও ইতোমধ্যেই করা হয়েছে।"
সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে রাজ্জাক বলেন, "পরিস্থিতি মোকাবেলায় জনগণকে স্বনির্ভও করতে দুর্যোগপ্রবণ এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। কৃষিসহ উন্নয়ন কার্যক্রম চালিয়ে জনগণের মধ্যে আস্থার সৃষ্টি করতে হবে। দুর্নীতি ও অনিয়ম দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে নির্বাচিত জনপ্রতিনিধিদের আরও বেশি দায়িত্ব ও ক্ষমতা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি জানান, ইউএসএআইডি'র সহায়তায় আইএলএলজিপি উপকূলীয় ১৫৫টি ইউনিয়ন পরিষদ ও চারটি পৌরসভা এলাকায় কাজ করছে। এতে প্রায় ১৫ লাখ মানুষ উপকৃত হবে। এছাড়াও সিডর দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ ও পশুপাখির জন্য যুক্তরাষ্ট্র সাড়ে ৭ কোটি ডলার ব্যয় করছে।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনার আওয়ামী লীগ সাংসদ মীর শওকত হোসেন বাদশা, বিএনপি সাংসদ নজরুল ইসলাম মঞ্জু এবং ইউএসএআইডি'র আবাসিক প্রতিনিধি ডেনিস রনিও বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৪০০ ঘ.
bdnews24