আসাদুজ্জামান দারা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ফেনী, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে নোয়াখালীগামী একটি বাস ফেনীতে দুর্ঘটনায় পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে।
শুক্রবার ভোররাতে ফেনী শহরের কাছে মোহাম্মদ আলী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের মহীপাল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম।
দুর্ঘটনায় আহত হয়েছে ১২ জন। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার দলিবউল্লাহর স্ত্রী নাসরিন (৪২), টাঙ্গাইল সদরের মোহাম্মদ হাসানের মেয়ে সাদিয়া (২), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জিলকদ (২২), নোয়াখালীর সেনবাগ উপজেলার হাশিমপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী বিবি হনুফা (৫০), ফেনী সদরের গোবিন্দপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৫), রংপুর সদরের মোহাম্মদ ইমরান (৩২) এবং মোহাম্মদ রাজু (৩০)।
পুলিশ কর্মকর্তা নূরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে বাসটি মোহাম্মদ আলী বাজারে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। তখন বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ১৩ জন মারা যায়।"
ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে অপর জনের মৃত্যু হয়।
আহত ১২ জন ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারোয়ার জাহান।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মহীপাল ফাঁড়িতে নিয়ে এসেছে।
নোয়াখালীর সোনাপুরগামী ওই বাসে ৩৫ জনের মতো যাত্রী ছিল। এটি বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএমটি/এমআই/১০৫০ ঘ.
bdnews24