২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ বন্দরে চাঁদাবাজি বন্ধের দাবি, না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট

সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক সমন্বয় কমিটির চাঁদবাজি বন্ধের দাবি জানিয়েছে বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিএ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন। ২০ আগস্টের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে সংগঠনটি পরদিন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে বলে ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

চাঁপাইনবাবগঞ্জ, ১২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিক সমন্বয় কমিটির চাঁদবাজি বন্ধের দাবি জানিয়েছে বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিএ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন। ২০ আগস্টের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে সংগঠনটি পরদিন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবে বলে ঘোষণা দিয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অ্যাসোসিয়েশনের নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন অভিযোগ করেন, বন্দরের ৩১টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত 'বন্দর শ্রমিক সমন্বয় কমিটি' আমদানি করা পণ্য পরিবহনে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। সিঅ্যান্ডএফ নেতারা দাবি করেন, শ্রমিক সমন্বয় কমিটি প্রতিটি ট্রাক থেকে ৭৫০ টাকা ও লেবার টোকেন বাবদ ৬৫০ টাকা জোরপূর্বক আদায় করছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ১ লাখ ২৩ হাজার টাকা অবৈধভাবে আদায় করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে গত ৮ ও ৯ আগস্ট অ্যাসোসিয়েশন বন্দরে সাময়িক কর্মবিরতি পালন করে। পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় অনুষ্ঠিত সমঝোতা সভায় শ্রমিক সমন্বয় কমিটি বন্দরে আর চাঁদাবাজি করবে না বলে অঙ্গীকার করে। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এরপরও চাঁদাবাজি বন্ধ হয়নি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি বাবুল হাসনাত, সদস্য আব্দুস সাত্তার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৯ ঘ.