২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে সিসিটি পরিচালনায় ফের আসতে পারে বার্থ অপারেটররা

অপারেটর নিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে (সিসিটি) উঠা-নামার কাজ সাময়িকভাবে বার্থ অপারেটরদের দিয়ে করানোর কথা ভাবছে নৌ পরিবহণ মন্ত্রণালয়। নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপারেটর নিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে (সিসিটি) উঠা-নামার কাজ সাময়িকভাবে বার্থ অপারেটরদের দিয়ে করানোর কথা ভাবছে নৌ পরিবহণ মন্ত্রণালয়। নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ ও বার্থ অপারেটরদের নিয়ে সমন্বিত একটি কমিটি গঠন করে তার মাধ্যমে কন্টেইনার ওঠা-নামা করানোর পরিকল্পনা মন্ত্রীর। বন্দরে সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক এর সঙ্গে চুক্তির মেয়াদ শনিবার (১৫ আগস্ট) শেষ হচ্ছে। দরপত্রে অনিয়মের অভিযোগ আসায় এছাক ব্রাদার্সকে কার্যাদেশ না দিয়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য পুনরায় দরপত্র ডাকার সুপারিশ করেছে নৌ পরিবহণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এ কারণে বন্দরের কার্যক্রম গতিশীল রাখতেই নৌ মন্ত্রণালয়ের এ পরিকল্পনা। শাজাহান খান বলেন, "আমরা অনির্দিষ্টকাল সাইফ পাওয়ার টেককে কাজ চালিয়ে যাওয়ার কথা বলতে পারি না। কারণ প্রতি কন্টেইনারে তাদের চার্জ এছাক ব্রাদার্স থেকে ১৬৫ টাকা বেশি। আবার এছাক ব্রাদার্সের কার্যাদেশ বাতিলের সুপারিশও করেছে সংসদীয় কমিটি।" চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ২ হাজার কন্টেইনার উঠা-নামা হয়। প্রতিটি কন্টেইনার উঠা-নামায় সাইফ পাওয়ার ৫০৫ টাকা মাশুল নিচ্ছে। অন্যদিকে ৩৪০ টাকা মাশুলে কাজ নিতে সম্মত হয়েছিল এছাক ব্রাদার্স। মন্ত্রী বলেন, "উদ্ভূত পরিস্থিতিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ সাময়িকভাবে চালিয়ে যাওয়ার জন্য আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বার্থ অপারেটরদের সমন্বয়ে একটি কমিটি গঠন করার কথা ভাবছি।" চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কোনও কর্মকর্তা সম্ভাব্য এ কমিটির প্রধান হবেন বলে তিনি জানান। শাজাহান জানান, বার্থ অপারেটরদের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনাও সেরে রেখেছেন তিনি। তবে একইসঙ্গে তিনি বলেন, "পরিকল্পনা বাস্তবায়নের আগে অবশ্যই আইনি দিকগুলো খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব।" বার্থ অপারেটররা আগে বন্দরে কন্টেইনার উঠা-নামার দায়িত্ব পালন করত। পুনরায় ওই দায়িত্ব পালন করতেও আগ্রহী তারা। বার্থ অপারেটরদের সমিতি বাংলাদেশ মাস্টারস স্টিভেডরস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারওয়ার হোসেন সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়ান-ইলেভেনের আগে আমরাই কন্টেইনার হ্যান্ডলিং করতাম। এখনও দায়িত্ব পেলে আমরা কাজ করতে তৈরি।" বার্থ অপারেটররা প্রতি কন্টেইনারের জন্য কত চার্জ নেবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এটা আলোচনা সাপেক্ষ। তবে টাকার পরিমাণ সাইফ পাওয়ার টেক থেকে কমই হবে।" অনিয়মের মাধ্যমে অনভিজ্ঞ প্রতিষ্ঠান এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার অভিযোগে সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে মামলার সুপারিশও করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএআর/এমআই/১৮০৫ ঘ.