নরসিংদী, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর এক সহকারী জজসহ দুজনের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এরা হলেন- সহকারী জজ হাবিবা মণ্ডল এবং স্থানীয় এনজিও কর্মী জসীম উদ্দিন। দুই ছেলেসহ হাবিবা মণ্ডল এবং জসীম উদ্দিন পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. সফিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
সোমবার হাবিবার স্বামী সহকারী কমিশনার (ভূমি) সফিকুল ইসলাম এ দু'জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন।
বাদীর আইনজীবী গোলাম মোস্তফা অভিযোগের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিবা মণ্ডল তার প্রেমিক জসীম উদ্দিনের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করায় তাকে বারবার সতর্ক করা হয়। কিন্তু তিনি মেলামেশা বন্ধ করেননি। উল্টো তিনি স্বামীর ওপর মানসিক নির্যাতন চালান। হাবিবা মণ্ডল স্বামী সফিকুল ইসলামের টাকাপয়সা নষ্ট করেছেন বলেও অভিযোগে বলা হয়।
গোলাম মোস্তফা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক ওইদিনই বিষয়টি তদন্তের নির্দেশ দেন বিচার বিভাগীয় হাকিম আনোয়ার সাদতকে। আনোয়ার সাদত বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেন।
হাবিবার স্বামী সহকারী কমিশনার (ভূমি) সফিকুল ইসলাম আগে নরসিংদীতে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোথায় কর্মরত আছেন সেটা জানাতে পারেননি তার আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24