ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়াইন ফ্লু'র বিস্তারের কারণে এ বছর হজ পালনে ১২ বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়স্কদের ভিসা না দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সৌদি আরব।
ঢাকায় সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সামি জামিল এ আল হিন্দ এ তথ্য জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, "আমরা এখনও এমন কোনও সিদ্ধান্ত নেইনি। এখন 'ওমরা' হজসহ অন্যান্য ভিসা দিচ্ছি।"
ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া সোমবার জানান, সৌদি সরকার এ বছর ১২ বছরের নিচে এবং ৬৫ বছরের বেশি বয়স্কদের হজে না পাঠানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানানোর চিন্তাভাবনা করছে।
যদিও সৌদি সরকার বাংলাদেশকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
তবে সামি জামিল বলেন, "১২ বছরের নিচে এবং ৬৫ বছরের উর্ধ্বে ব্যক্তিরা সোয়াইন ফ্লুর জন্য ঝুঁকিপূর্ণ। তাই এ বয়সসীমার ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিয়ে সৌদি ভিসা দেওয়া হচ্ছে।"
সৌদি কূটনীতিক ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24