২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবসে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, সব গোয়েন্দা সংস্থা এবং পুলিশের বিশেষ ইউনিটগুলো এদিন রাজধানী ও দেশের অন্যান্য স্থানের নিরাপত্তা নিশ্চিতে একযোগে কাজ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা আগষ্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, সব গোয়েন্দা সংস্থা এবং পুলিশের বিশেষ ইউনিটগুলো এদিন রাজধানী ও দেশের অন্যান্য স্থানের নিরাপত্তা নিশ্চিতে একযোগে কাজ করবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। দিবসটি পালনে সারা দেশে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নান অনুষ্ঠানের আয়োজন করেছে। সভা-সেমিনারের পাশাপাশি সারা দেশের মসজিদ ও মাদ্রাসাগুলোতে বিশেষ দোয়া মাহফিল হবে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বনানী কবরস্থান এবং এর আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, মহানগর পুলিশের গোয়েন্দা ইউনিট (সিআইইউ) এবং সোয়াট সদস্যরা কাজ করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। ওয়ালিদ হোসেন জানান, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর পাশাপাশি এসব এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশের অতিরিক্তি সদস্য মোতায়েন করা হবে। এছাড়া বঙ্গবন্ধুর কবরস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়ও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মহানগরীর বিভিন্ন এলাকায় শোকসভা ও কাঙ্গালী ভোজ কর্মসূচিতে প্রতিটি অঞ্চলের পুলিশের উপ-কমিশনাররা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া সড়কগুলোতেও থাকবে পুলিশের বিশেষ টহল। শোক দিবসে সারা দেশে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১০ আগষ্ট পুলিশ সদর দপ্তরে একটি বৈঠক হয়। পুলিশ, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই ও এসবির উর্দ্ধতন কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, নিয়মিত বাহিনীর সদস্যদের পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা কয়েকদিন আগে থেকেই কাজ শুরু করবে। এদিকে বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোন অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে। এদিন দেশের বিভিন্ন স্থানে মোবাইল টিম থাকবে এবং চেকপোস্ট বসানো হবে। যানজট যাতে না হয় সেজন্য বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এতে আরো বলা হয়, সারা দেশে সন্দেহভাজন ব্যক্তিদের উপর গোয়েন্দা নজরদারির জন্য বিশেষ দল কাজ করছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ও চরমপন্থীদের তৎপরতা পর্যবেক্ষণে রাখা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় শোক দিবসে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্যে র‌্যাবের সবগুলো ব্যাটালিয়নকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ আগষ্ট বা এর আগে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দেখলে পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর-৯৫৬০৬৬১ ও ৯৫৬১৯৬৭, ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষের ফোন-৯৬৬৫৪০৭ ও ৮৬১৪৩০০, র‌্যাবের নিয়ন্ত্রণ কক্ষ-৮৯৬১১০৫ এবং প্রতিটি জেলার সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কক্ষে ফোনে জানাতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২২২৩ ঘ.