চট্টগ্রাম, আগস্ট ১১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দেশের অন্যতম ব্যবসায়িক এলাকা চট্টগ্রামের আসাদগঞ্জের দুটি মার্কেটে সোমবার রাতে চুরি হয়েছে।
এই চুরির ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন।
পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, আসাদগঞ্জের ইউসুফ ও ইব্রাহীম প্লাজার কলাপসিবল গেট ভেঙে তিনটি দোকানের নগদ পাঁচ লাখ টাকা ও বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি ঘটনাস্থল পরিদর্শন করে অবিলম্বে এ ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন সাংবাদিকদের জানান, সোমবার গভীর রাতে দুটি মার্কেটের কলাপসিবল গেটের তালা ভেঙে চোর ডলফিন, আনিকা ও সুলতানিয়া হার্ডওয়্যার নামের তিন দোকানে প্রবেশ করে। তারা ক্যাশে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও বিভিন্ন উপকরণ চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, হিরো হার্ডওয়্যার নামে আর একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ফেলা হলেও সেখান থেকে কিছু খোয়া যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করলে স্থানীয় সাংসদ ও পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা দোকানে ফিরে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২৩৫৮ঘ.
bdnews24