লিটন হায়দার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিচার পর্যায়ের মামলার নথি অতিরিক্ত পিপি ও এপিপিদের বুঝিয়ে দেওয়ার আইন মন্ত্রণালয়ের নির্দেশ আপাততঃ না মানার জন্য পুলিশ কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে সদর দপ্তর।
সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার ইকবাল বাহার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ সদর দপ্তর থেকে কয়েকদিন আগে তিনি একটি চিঠি পেয়েছেন। চিঠিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ পুলিশের উচ্চ মহলের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কার্যকর করা স্থগিত রাখতে বলা হয়েছে।
পুলিশ সুপার ইকবাল বাহার জানান, এর আগে আইন মন্ত্রণালয় থেকে তিনি পুলিশের হাতে থাকা বিচারাধীন সব মামলার নথি অতিরিক্ত পিপি ও এপিপিদের হাতে বুঝিয়ে দেওয়ার আহ্বান সম্বলিত চিঠিটি পান।
ঢাকার পুলিশ সুপার জানান, পুলিশের পক্ষ থেকেও এব্যাপারে আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। সে চিঠির কোন জবাব না আসা পর্যন্ত আদালতে পুলিশকেই মামলা পরিচালনার কার্যক্রম চালিয়ে যেতে সব পুলিশ সুপারকে সদর দপ্তর থেকে বলা হয়েছে।
গত ২৩ জুন আইন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, 'বিচারকার্য সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে' এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্তৃপক্ষ পুলিশেরই তা আদালতে পরিচালনা করা উচিত কিনা তা নিয়ে সম্প্রতি জোরেশোরে প্রশ্ন উঠেছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি প্রণয়নের পর থেকে রাষ্ট্রপক্ষের হয়ে পুলিশ কর্মকর্তারা নিম্ন আদালতে মামলা পরিচালনা করে আসছেন।
এব্যাপারে আইনমন্ত্রী শফিক আহমেদ মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের পক্ষ থেকে মন্ত্রণালয়ে কোন চিঠি এসেছে কিনা তা তার জানা নেই। আর আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা থেকে ইতিপূর্বে একটি চিঠি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/০০৪৫ঘ.
bdnews24