২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী শ্রমিকদের ধর্মঘট, পরে স্থগিত

সরকার ঘোষিত পে- স্কেলের ভিত্তিতে বেতন, উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করেছে। তবে এতে কেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

দিনাজপুর, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার ঘোষিত পে- স্কেলের ভিত্তিতে বেতন, উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট পালন করেছে। তবে এতে কেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়নি। দুপুরে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, শ্রমিক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকের পর বিকেল ছয়টার দিকে ধর্মঘট স্থগিত করা হয়। বৈঠকের পর তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো. নূরুজ্জামান সাংবাদিকদের জানান, ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। তবে দাবি পূরণ না হলে শ্রমিকরা আবারও আন্দোলনে যাবে। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হাওলাদার সাংবাদিকদের জানান, অস্থায়ী শ্রমিকরা ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগ করা। তাদের দাবি পূরণের এখতিয়ার কেন্দ্র কর্তৃপক্ষের নেই। বিষয়টি মীমাংসার জন্য শ্রমিক নেতা মো. নুরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন- কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হাওলাদার, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান জহির উদ্দিন আহমেদ, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মো. নূরুজ্জামান, সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ও সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সঞ্জীব কুমার সাহা। শ্রমিক নেতা নুরুজ্জামান জানান, রাত ৯টায় এ তিন পক্ষ আবারও বৈঠকে বসেছেন। রাত পৌনে ১১টায় বৈঠক চলছিল। তিনি সাংবাদিকদের জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান জহির ট্রেডার্সের নিয়োগ করা বিদ্যুৎ কেন্দ্রের ১৭২ জন অস্থায়ী শ্রমিক তাদের দাবিদাওয়া পূরণে কর্তৃপক্ষকে সোমবার পর্যন্ত সময় বেধে দেয়। সময়সীমরা শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে তারা ধর্মঘট শুরু করে। প্রায় দিনভর শ্রমিকরা কেন্দ্র এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তাপবিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. খায়রুল ইসলাম জানান, শ্রমিকদের ১১ দফার মধ্যে আরও আছে- শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক ছুটি প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ, কাজ করার জন্য পোশাক, বুট, হেলমেট, মাস্ক, বেল্ট, লাইট ইত্যাদি সরঞ্জাম সরবরাহ, কর্মরত অবস্থায় আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ, শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্থানীয় এবং অভিজ্ঞতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া, যাতায়াত ভাতা প্রদান, শ্রমিকদের বিশ্রামগার এবং অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত মজুরি প্রদান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৩ ঘ.