২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লু মোকাবেলায় হাসপাতালগুলোর প্রস্তুতি বাড়ানো হচ্ছে

নিকটতম প্রতিবেশী ভারতে সোয়াইন ফ্লু'র বিস্তার বেড়ে যাওয়ায় বাংলাদেশে এর মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় একথা জানিয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নিকটতম প্রতিবেশী ভারতে সোয়াইন ফ্লু'র বিস্তার বেড়ে যাওয়ায় বাংলাদেশে এর মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় একথা জানিয়েছেন। এ বিশেষজ্ঞ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশে আরও দু'জনের দেহে সোয়াইন ফ্লু'র জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস শনাক্ত করা হয়েছে। সরকারী কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এ নিয়ে দেশে মোট ৩৪ জনের দেহে এইচ১এন১ ভাইরাস পাওয়া গেলো। এর মধ্যে ৩০ জন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক। ডা. মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুনভাবে আক্রান্ত দু'জনের একজন মালয়েশিয়া থেকে এসেছেন। দেশে আসার পর তার সন্তানও আক্রান্ত হয়েছে। এ মুহূর্তে আইইডিসিআর এর তত্ত্বাবধানে চারজনের চিকিৎসা চলছে। তিনি বলেন, ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে। পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। ওইসব হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইইডিসিআর এর পরিচালক আরো বলেন, আগেই এসব হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। এখন প্রস্তুতি আরও বাড়ানো হচ্ছে এবং তা করা হচ্ছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ভারতে সোয়াইন ফ্লুতে মঙ্গলবার পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৮৫০ ছাড়িয়ে গেছে। ভারতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর বাংলাদেশের স্থলবন্দরগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৪২ঘ.