ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী ডিসেম্বরের মধ্যেই বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কোর্ট ফির মূল্য বাড়ানো সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কবে নাগাদ এ মামলার রায় কার্যকর হবে- জিজ্ঞেস করা হলে শফিক আহমেদ বলেন, "এ বছর শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হবে।"
এর আগে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি আগামী ১৫ আগস্টের আগে শুরু হবে না।
এ বিষয়ে আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "আমাদের সব প্রস্তুতি শেষ। তবে জন্মাষ্টমীসহ পরপর তিন দিন ছুটি পড়ায় একটু অসুবিধা হয়েছে। কিন্তু বিচারকাজ শুরু হতে কোনও সমস্যা নেই।"
গত রোববার এ প্রসঙ্গেই শফিক আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আগেই বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি শুরু হবে।
৩৩ বছর আগে সংঘটিত বন্ধবন্ধু হত্যা মামলার বিচার এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে বিচারাধীন এক বছরের বেশি সময়। নিয়ম অনুযায়ী, আপিল বিভাগের তিনজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ কোনও আবেদন শুনানির জন্য গ্রহণ করতে পারে।
কিন্তু সুপ্রিম কোর্টের প্রচলিত বিধান অনুযায়ী, হাইকোর্টে যে বিচারপতি মামলার শুনানি নিয়েছেন, ওই বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলে ওই মামলার শুনানি নিতে পারেন না। ফলে বঙ্গবন্ধু হত্যা মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঝুলে থাকে।
মহাজোট সরকার ক্ষমতায় এসে আপিল বিভাগে দুজন বিচারপতি নিয়োগ দেয়। দ্বিতীয় দফায় আরও চার বিচারপতি নিয়োগ করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০ জনকে আসামি করে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি সুপ্রিম কোর্টে আপিল করেন। বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদসহ বাকিরা পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯১৮ ঘ.
bdnews24