২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আগামী জুনের মধ্যে প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন নির্মাণ হবে'

আগামী বছর জুন মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় কম্পিউটার সার্ভার স্টেশন নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

মানিকগঞ্জ, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছর জুন মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় কম্পিউটার সার্ভার স্টেশন নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "এসব সার্ভার স্টেশনে ভোটার হওয়ার সুযোগ থাকবে।" মঙ্গলবার মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় কম্পিউটার সার্ভার স্টেশনের স্থান পরিদর্শনের সময় প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে শামসুল হুদা বলেন, "সংসদের আগামী অধিবেশনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা আইনটি অনুমোদন হলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে হবে ইউপি নির্বাচন।" সালাউদ্দিন কাদের চৌধুরীর সদস্য পদ বাতিল বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "তার কাছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র চাওয়া হয়েছিল। কথা দিয়েও তিনি আজ পর্যন্ত তা জমা দেননি। এখনও সময় আছে। সাকা চৌধুরী যখন আসবেন তখনই বিষয়টির সমাধান হয়ে যাবে।" সনদপত্র জমা না দিলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "খুব শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।" সকাল সাড়ে ১০টায় শামসুল হুদা সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে কম্পিউটার সার্ভার স্টেশনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এরপর তিনি জেলার ঘিওর, শিবালয়, হরিরামপুর, সদর ও সিঙ্গাইর উপজেলার জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। সার্ভার স্টেশন পরিদর্শনকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিএসএসইডি প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন ও মানিকগঞ্জের জেলা প্রশাসক জিএম সালেহ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫১ ঘ.