বরিশাল, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া এলাকায় সুগন্ধা নদীতে ডুবোচরে ধাক্কা লেগে সোমবার দুপুরে ক্লিংকার বোঝাই একটি কার্গো ডুবে গেছে।
কার্গোর শ্রমিক ও কর্মচারীরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। কার্গোটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ জানান।
প্রিন্স অব মধুখালী নামের কার্গোটি (নম্বর-২০১৯০) ছয়শ' মেট্রিক টন ক্লিংকার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল বলে চালক (সারেং) দেলোয়ার হোসেন জানান।
কার্গো চালক জানান, সোমবার দুপুর ১২টায় দিকে বাবুগঞ্জের সুগন্ধা নদীর দক্ষিণ রাকুদিয়া অতিক্রমকালে ডুবোচরে ধাক্কা লেগে কার্গোটির তলা ফেটে যায়। কিছুক্ষণের মধ্যেই কার্গোটি পুরোপুরি ডুবে যায়। কার্গোর মাস্তুলটি কেবল পানির উপরে রয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে কার্গোটি চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশে রওনা হয় বলে দেলোয়ার জানান।
বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক আব্দুল মজিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
কার্গোটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরিশাল নদী বন্দরের উর্ধ্বতন উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, সুগন্ধা নদীতে কার্গো ডুবির খবর তারা পেয়েছেন। কার্গোটি উদ্ধারের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৩ ঘ.
bdnews24