২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে অক্টোবরে রাশিয়া যাবে বাংলাদেশ প্রতিনিধিদল

সরেজমিন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আগামী অক্টোবরে রাশিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরেজমিন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আগামী অক্টোবরে রাশিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, "রাশিয়া তাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যাওয়ার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে। "আমরা প্রধানমন্ত্রীর কাছে রাশিয়ার প্রস্তাবটি পাঠিয়েছি। এখন তার অনুমোদনের অপেক্ষায় আছি।" তিনি আরো বলেন, "বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ৯ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।" এর আগে গত ১৩ মে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও রাশিয়া একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোশারফ হোসেন এবং রাশিয়ান স্টেট এটমিক এনার্জি করপোরেশনের (রোসাতম) উপ-মহাপরিচালক এনএন স্পাসকি নিজ নিজ সরকারের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। চুক্তিতে পারমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাশিয়া বাংলাদেশকে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনুদান নয় বরং সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এই শর্ত নিরূপণ করবে। রাশিয়া ভারত,চীন, ইরানসহ বিভিন্ন দেশে এ পর্যন্ত মোট ৬৫টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। এরমধ্যে শুধু গত বছরই স্থাপন করেছে ১০টি। এছাড়া বর্তমানে তারা আরও ১১টি কেন্দ্র স্থাপনের কাজ করছে। পাকিস্তান আমলে পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ১৯৬১ সালে ২৯২ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল৷ এর মধ্যে ২৬০ একর বিদ্যুৎ কেন্দ্রের জন্য এবং ৩২ একর আবাসিক এলাকার জন্য৷ ১৯৮০ সালে ১২৫ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়৷ ১৯৯৯ সালে সরকার এখানে ৬০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিশ্র"তি দেয়৷ বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ১৫ থেকে ২০ শতাংশ পরমাণু শক্তির মাধ্যমে অর্জন করার লক্ষ্য নির্ধারণ করেছে৷ আমদানি নির্ভর জ্বালানির ক্ষেত্রে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি খরচ সবচেয়ে কম৷ রাশিয়া এই রূপপুর প্রকল্পের ব্যাপারেই আগ্রহী। জাতিসংঘ ২০০৭ সালের জুন মাসে বাংলাদেশকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়৷ ২০৫০ সাল পর্যন্ত ৮টি উন্নয়নশীল দেশকে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে জাতিসংঘ৷ তবে যেকোনো দেশ ইচ্ছা করলেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে না৷ বর্তমানে সারা বিশ্বে মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় ২০ ভাগ যোগান দিচ্ছে ৪৩৯ টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র । এর মধ্যে ফ্রান্সে সবচেয়ে বেশি, ৫৯টি৷ ফ্রান্সের মোট বিদ্যুতের ৭৯ শতাংশ আসে পরমাণু শক্তি থেকে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এইচএ/২০৫০ ঘ.