কক্সবাজার, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই ভাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নে ন্যাচার পার্কের ভেতর মইন্যা পাহাড় নামক স্থানে তাদের লাশ পাওয়া যায়।
রোববার বিকেলে নিজেদের গরু খুঁজতে ওই দুই সহোদর পাহাড়ে গিয়েছিল বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়।
নিহতরা হল- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জহির আহমদের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (১২) ও মোহাম্মদ ফয়সাল (১০)।
পুলিশ ধারণা করছে, গরু চোররাই দুই সহোদরকে হত্যা করেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন চৌধুরী জানান, রোববার বিকালে জাহাঙ্গীর ও ফয়সাল গরু খুঁজতে হ্নীলার ন্যাচার পার্কের ভেতর পাহাড়ে যায়। ফিরে না আসায় সোমবার সকালে তাদের বাবা জহির আহমদ এলাকার লোকজন নিয়ে পাহাড়ে যান। ন্যাচার পার্কের 'মইন্যা' পাহাড় নামক স্থানে দুই ভাইয়ের গলা কাটা লাশ দেখতে পান তারা।
পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, জহির আহমদ পুলিশকে বলেছেন তার দুই অবুঝ শিশু গরু চোরদের চিনতে পারায় তাদের হত্যা করা হয়েছে। পুলিশও তা-ই ধারণা করছে।
এ ব্যাপারে টেকনাফ থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24