২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা মামলায় বিদিশার জামিন

প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকঘণ্টার মধ্যেই জামিন পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। রোববার সকালে ঢাকার মহানগর হাকিম কনিকা বিশ্বাস বিদিশার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকঘণ্টার মধ্যেই জামিন পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। রোববার সকালে ঢাকার মহানগর হাকিম কনিকা বিশ্বাস বিদিশার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর দুপুরে আইনজীবীর মাধ্যমে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে বিদিশা জামিনের আবেদন জানালে ৫০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করে আদালত। বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন আইনজীবী মো. আনোয়ারুল কবীর বাবুল, রেজাউল করিম সরকার ও মাহবুবুল হক। তারা আদালতকে জানান, বিদিশা মামলাটির তারিখ না জানার কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানতে পেরে স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়েছেন। গুলশান থানায় গত বছরের ৭ ফেব্র"য়ারি ওই প্রতারণার মামলাটি দায়ের করেন মীরপুরের ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন শিকদার। মামলার এজাহারে বলা হয়, বাদি বারিধারায় একটি ফ্ল্যাট কেনার জন্য বিদিশাকে চেকের মাধ্যমে ৭৫ লাখ টাকা দেন। ফ্ল্যাট বুঝিয়ে না দিলে বাদি বিদিশাকে টাকা ফেরত দিতে বললে ২০০৫ সালের ৩ মে বিদিশা তাকে ৭৫ লাখ টাকার একটি চেক দেন। তবে এটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। আগামী ১ ডিসেম্বর এ মামলায় বাদি পক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত রয়েছে। এদিকে বিদিশা অভিযোগ করেছেন, এরশাদ ও তার অনুসারীরা তাকে হয়রানি করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। তিনি এই মামলার বাদিকেও চেনেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/১৮৫৫ ঘ.