২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নবনির্মিত শুল্ক ভবন উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

যশোরের বেনাপোলে রোববার দুপুরে কাস্টমস চেক পোস্ট অ্যান্ড ইমিগ্রেশনের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

যশোর, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের বেনাপোলে রোববার দুপুরে কাস্টমস চেক পোস্ট অ্যান্ড ইমিগ্রেশনের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুর ১২টার দিকে ভবনটি উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, ''রপ্তানি পণ্য থেকে শুল্ক আহরণের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা লক্ষ্য করছি বেনাপোল বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য আমদানি হয় তার ১০ শতাংশ পণ্য রপ্তানি হয়। বন্দর হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০ লাখ টন পণ্য আমদানি হয়েছে। রপ্তানি হয়েছে মাত্র ২ লাখ ৭০ হাজার টন।'' তিনি বলেন, ''রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় ফুল ও সবজির নাম না থাকায় আমি হতাশ। কেননা বাংলাদেশের বৃহত্তর ফুলের মোকাম হচ্ছে যশোর। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এ অঞ্চল থেকে ফুল ও সবজির পাশাপাশি মাছ রপ্তানি করেও শুল্ক আহরণ করা সম্ভব।'' বেনাপোল বন্দরের দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, ''শুধু শাস্তি দিয়ে দুর্নীতি নির্মূল করা যাবে না। জনগণকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।'' কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সৌন্দর্য বোধ, রুচি, দক্ষতা, শৃঙ্খলা ও পরিবেশের সঙ্গে পেশাদারিত্বের সামঞ্জস্য থাকতে হবে। বেনাপোল বন্দরের কাস্টমস কমিশনার আব্দুল কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাংসদ শেখ আফিল উদ্দীন, খালিদুর রহমান টিটো ও মনিরুল ইসলাম মনি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ, সদস্য হুসেন আহমেদ এবং জেলা আ.লীগের সভাপতি আলী রেজা রাজু। শুল্ক কর্মকর্তারা জানান, ৭২ একর জমির ওপর কাস্টমস চেক পোস্ট অ্যান্ড ইমিগ্রেশনের নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে তিন কোটি ৫৮ লাখ টাকা। তারা জানান, ভবনে শুল্ক, অভিবাসন বিভাগ, ব্যাংকের বুথ, স্বাস্থ্য বিভাগসহ সব সুবিধা আছে। এখন থেকে যাত্রীদের আর বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি করতে হবে না। উদ্বোধনের পর অর্থমন্ত্রী বিভিন্ন বিভাগের কার্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয় পর্যটন মোটেলে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বেনাপোল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় চেম্বারের সহসভাপতি এস এস জি ফারুক, জাহিদ হাসান টোকন, যুগ্ম সম্পাদক রেজাউল হোসেন, তাহাজ্জত হোসেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক বক্তব্য রাখেন। বিকেল ৪টায় বেনাপোলে শার্শা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী। তিনি বলেন, "দেশের সকল খাতকে দুর্নীতি মুক্ত করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই।" আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে মুহিত বলেন, "উন্নয়নের মাধ্যমে বেনাপোলকে বদলে দিয়ে আমরা দিন বদলের সূচনা করব।" শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক, সাংসদ শেখ আফিল উদ্দিন, খালেদুর রহমান টিটো ও মনিরুল ইসলাম মনি, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, সাবেক সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকিব, শার্শা উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১০ ঘ.