২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ: হামলা ভাঙচুর, থানায় মামলা

সিলেট নগরীর মদনমোহন কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে ছাত্রলীগ কর্মীরা নগরীতে প্রতিবাদ মিছিল করেছে। এ সময় তারা একটি মার্কেটে হামলা ও ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 07:00 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

সিলেট, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -সিলেট নগরীর মদনমোহন কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে ছাত্রলীগ কর্মীরা নগরীতে প্রতিবাদ মিছিল করেছে। এ সময় তারা একটি মার্কেটে হামলা ও ভাঙচুর করে। এ ছাড়া কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি অরুণ দেবনাথ সাগর বাদী থানায় মামলা করেছেন। দুপুরে এ দুই ছাত্র সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষে কলেজ ছাত্রলীগ সভাপতি অরুণ দেবনাথ সাগর, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, কর্মী হাসান, শাহীন ও রনিসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হন। এর মধ্যে অরুণ, আব্দুর রহমান ও হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক মো.ইলিয়াস খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার প্রতিবাদে রাত ৮টার দিকে ছাত্রলীগ নগরীতে একটি মিছিল বের করে। মিছিল চলাকালে ছাত্রলীগের কিছু কর্মী আল হামরা মার্কেটে ইট-পাটকেল ছোঁরে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান বলেন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি অরুণ দেবনাথ সাগর বাদী হয়ে শিবিরের ৩০ থেকে ৩২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এ ব্যাপারে আল-হামরা মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান জানান, মার্কেটে হামলা করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা করা উচিত হয়নি। জেলা ছাত্রলীগ সভাপতি জগলু চৌধুরী হামলার ঘটনা স্বীকার করে বলেন, মিছিল চলাকালে পেছন থেকে কিছু কর্মী হামলা চালিয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.